গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে গত শনিবার (১ আগস্ট) একটি সামাজিক নৌভ্রমণের আয়োজন করা হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. কামাল উদ্দিন।
নৌভ্রমণে স্থানীয় কয়েকজন সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিকে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে বিভিন্ন মন্তব্য ও সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না; বরং ৩৮ নম্বর ওয়ার্ডের সামাজিক ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠান। তাদের ভাষ্য, কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মো. কামাল উদ্দিনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি সেই আমন্ত্রণেই অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কামাল উদ্দিনকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের দাবি, সামাজিক একটি অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। তারা আরও বলেন, গাছা থানা বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ কামাল উদ্দিনের পাশে রয়েছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া সমালোচনার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. কামাল উদ্দিন বলেন,
“গত ১৭ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। তবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিন্তু সমাজে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষদের গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন,
“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কার, উন্নয়ন এবং একটি সহিংসতা ও প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গঠনের যে বার্তা দিচ্ছেন, সেই বিষয়গুলো আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির বিষয়েও আলোচনা করি। সমাজের সব শ্রেণি-পেশা ও মতের মানুষের অংশগ্রহণেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
আরও এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“৩৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নৌভ্রমণে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার সামাজিক ব্যক্তিদের আমন্ত্রণে অংশ নেওয়াকে আমি দায়িত্ব মনে করেছি। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আমি সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”
এদিকে, নৌভ্রমণে অংশ নেওয়া ৩৮ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান, মো. কামাল উদ্দিন শুধু একজন কাউন্সিলর পদপ্রার্থী নন, তিনি এলাকার একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাদের ভাষ্য, তার বাবা মরহুম আবেদ আলী ভাইস চেয়ারম্যান দীর্ঘদিন এলাকার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় কামাল উদ্দিনও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনির সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তাদের ভাষ্য, কামাল উদ্দিন একজন মানবিক ব্যক্তি, যিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন এবং মানুষের কথা শুনে সমস্যার সমাধানে কাজ করার চেষ্টা করেন।
ওয়ার্ডবাসীরা আরও জানান, নৌভ্রমণে অংশগ্রহণের জন্য প্রথমে কামাল উদ্দিন অনাগ্রহ প্রকাশ করেছিলেন। পরে এলাকার সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দাদের বিশেষ অনুরোধে তিনি অনুষ্ঠানে যোগ দেন। ওই নৌভ্রমণে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।